নওগাঁর মান্দায় স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়। এরপর মান্দা থানা পুলিশ, মান্দা প্রেসক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মান্দা স্বাস্থ্য কমপ্লেক্স, মান্দা ফায়ার সার্ভিস, উপজেলা জাতীয় পার্টিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোল্লা এমদাদুল হক, ইউএনও আবদুল হালিম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক, মান্দা সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মতিয়ার রহমান, মান্দা থানার ওসি শাহিনুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে আলোচনা সভা শেষে চিত্রাঙ্কণ, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অন্যদিকে রোববার সকালে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয় হতে একটি র্যালি নিয়ে শহিদ মিনারে গিয়ে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়। পরে আলোচনা সভায় টেলিকনফারেন্সে বক্তব্য দেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক অ্যাড. নাহিদ মোর্শেদ বাবু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুল লতিফ শেখ ও খলিলুর রহমান বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার মহন্ত, উপজেলা মহিলা যুবলীগের সভাপতি মাহবুবা সিদ্দিকা রুমা প্রমুখ।
এছাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকেও শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সামসুল আলম প্রামানিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন টুকু ও মোজাম্মেল হক মুকুল, আহ্বায়ক কমিটির সদস্য ডা. ইকরামুল বারী টিপু ও মকলেছুর রহমান মকে প্রমুখ।