নাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষা বৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। শনিবার জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসাবে বৃত্তির টাকা ও উপকরণ তুলে দেন। ২০২০-২০২১ অর্থ বছরের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য জেলা ব্যতিত) শীর্ষক কর্মসচির আওতায় ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের একশ’ জনকে স্কুল ব্যাগসহ এক লাখ টাকার শিক্ষা উপকরণ এবং প্রাথমিক পর্যায়ের ১২৬ জন শিক্ষার্থীকে সাতশ’, মাধ্যমিকের ১৩৩ জনকে এক হাজার দুইশ’ এবং উচ্চমাধ্যমিকপর্যায়ের ২৯ জন শিক্ষার্থীকে এক হাজার ৮শ টাকা হারে মোট তিন লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ও মেয়র কেমএম জাকির হোসেন বক্তব্য রাখেন।