মিয়ানমারে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ এখনো অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেছে পুলিশ।
বৃহস্পতিবারও (১৮ ফেব্রুয়ারি), অং সান সুচির মুক্তির দাবিতে নেপিদো ও ইয়াঙ্গুনে ব্যাপক বিক্ষোভ দেখা যায়। মোটরসাইকেল ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে যোগ দেয় প্রকৌশলীরা।
প্রতিদিনের চলমান লাখো মানুষের এই বিক্ষোভ ও অবরোধে দেশটির বহু সরকারি দপ্তর অচল হয়ে পড়েছে। বৃহস্পতিবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ।
নতুন করে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের জান্তা সরকারের দেয়া প্রতিশ্রুতিও প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা। সেনা শাসন বিরোধী এসব ধর্মঘট ও প্রতিবাদে যোগ দেয়ায় এখন পর্যন্ত প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
ইয়াঙ্গুনের সুলে স্কয়ারের সামনের সড়কে বিশাল আকারের গ্রাফিতি আঁকা হয়েছে যেখানে লেখা সেনা শাসনকে অবশ্যই ব্যর্থ করতে হবে।
এর আগে, বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে অসহযোগ আন্দোলনে পুলিশ গুলিতে এক রেল শ্রমিক আহত হয়। আন্দোলনে উৎসাহ দেয়ার অভিযোগে দেশটির ছয় সেলেব্রিটির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এদিকে, আসিয়ান সম্মেলনে মিয়ানমার ইস্যু নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে ইন্দোনেশিয়া ও ব্রুনাই। টানা চারদিন ইন্টারনেট বন্ধ রাখার প্রতিবাদে সেনা সরকারের বেশ কয়েকটি ওয়েবসাইট হ্যাক করেছে মিয়ানমার হ্যাকারস নামে একটি দল।