একুশের চেতনাকে ছড়িয়ে দিতে ঝিনাইদহ পৌর শহরে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তর শহীদ মিনার। ৮১ ফুট উচ্চতা আর ৫২ ফুট প্রস্থের এই শহীদ মিনারটি ২০১৫ সালের নভেম্বরে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার প্রেরণা ৭১ চত্বর সংলগ্ন চার রাস্তার পূর্ব-দক্ষিণ কোনে নির্মাণ কাজ শুরু করা হয়েছিল। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে শহীদ মিনারটি নির্মান করে ঝিনাইদহ পৌরসভা। ২০১৬ সালের ২০ ফেব্রুয়ারি মিনারটি উদ্বোধন করেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের সুরকার আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ।
ঝিনাইদহ জেলার ৬০ ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে এখনো তৈরি হয়নি শহীদ মিনার। এসব প্রতিষ্ঠানে দায়সারা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়ে থাকে মহান ভাষা দিবসের কর্মসূচী। ফলে অধরা থেকে যাচ্ছে একুশের চেতনা আর ভাষা শহীদদের মহান আত্মত্যাগ। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকায় দিনটিতে কমলমতি শিক্ষার্থীরা কলাগাছ দিয়ে প্রতিকি শহীদ মিনার তৈরি করেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে দেখা যায়।
ঝিনাইদহে জেলায় কলেজ রয়েছে ৫৬ টি, মাধ্যমিক বিদ্যালয় ৩০২টি, মাদরাসা ১১৬টি এবং প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৯০৭ টি। এরমধ্যে প্রায় শতভাগ কলেজে শহীদ মিনার থাকলেও প্রায় ৪০ ভাগ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় এবং ১০০ ভাগ মাদরাসায় শহীদ মিনার নেই। যে সব প্রতিষ্ঠানে শহীদ মিনার আছে তা সারা বছরই অবহেলা আর অযতেœ পড়ে থাকে। সারাদিন ছাগল গরুর বিচরণক্ষেত্র আর রাতে বখাটেদের আড্ডা বসে এসব মিনারে।
ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সিদ্দিকীয়া কামিল মাদরাসা। ১৯৪৭ সালে স্থাপনের পর ৭৩ বছর পার হলেও এখানে নির্মিত হয়নি শহীদ মিনার। এ মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রুহুল কুদ্দুস জানান, শহীদ মিনার না থাকায় প্রতিবছর কাঠ দিয়ে প্রতিকি শহীদ মিনার তৈরি করেই দিবসের কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া মাদরাসাটি শহরতলীতে হওয়ায় জেলা প্রশাসনের সাথে কেন্দ্রীয়ভাবে শহীদ দিবসের কর্মসূচি পালন করি। পরে মাদরাসায় এসে আলোচনা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে ভাষা শহীদদের স্বরণ করা হয়।
ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম জানান, জেলায় ৯০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তবে কতগুলো প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই তা নিশ্চিত করতে না পারলেও প্রায় ৪০ ভাগ বিদ্যালয়ে শহীদ মিনার নেই বলে জানান। তবে যে সব স্কুলে শহীদ মিনার নেই সেখানে নির্মাণের প্রক্রিয়া চলছে।
ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব হোসেন মোল্লা জানান, আমার প্রতিষ্ঠানে শহীদ মিনারটি অনেক পুরাতন। যেটি স্কুলের এক পাশে হওয়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে রয়েছে। নতুন একটি মিনার তৈরি করা জরুরী হয়ে পড়েছে। তাই একটি শহীদ মিনার তৈরির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানান এই প্রধান শিক্ষক।
ঝিনাইদহ সদর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইদুল করিম বলেন, পুরাতন শহীদ মিনারের সামনে জায়গা কম থাকায় শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে হিমশিম খেতে হতো। সময়ের প্রয়োজনে নতুনভাবে কেন্দ্রীয় শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে। যে শহীদ মিনারটি খুলনা বিভাগের সবচেয়ে বড় শহীদ মিনার। ২০১৬ সালে শহীদ মিনারটি উদ্বোধন করেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের সুরকার আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ।
সোহানা আফরোজ, জেলার কালীগঞ্জ শহরের আলহাজ¦ আমজাদ আলী ও ফাইজুর রহমান ডিগ্রী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
বড়দের কাছে শুনে শুনে একুশের চেতনায় উদ্দীপ্ত হয়ে উঠেছি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পড়ার সময় অনেকবার প্রভাতফেরিতে যোগ দিয়েছি। এখনো একুশ এলেই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। কিন্তু বাংলা তো দেশের সর্বস্তরে চালু হয়নি। আমরা হরহামেশায় ইংরেজি বলা বা ব্যবহারের মানসিকতা থেকে বের হতে পারেনি। বাঙালিদের মধ্যে ইংরেজি ভাষায় কথা বলার চর্চা বাড়ছে। হয়তো তারা এটাকে স্মার্টনেস মনে করে। তবে আমি এটাকে নিজেদের অস্তিত্বহীনতার বহিঃপ্রকাশ বলে মনে করি।