মনিরামপুরের পল্লীতে মামুন রহমান (২২) নামের এক মাদ্রাসার ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে মনিরামপুর উপজেলার খোজালীপুর গ্রামের মাঝের পাড়ার লোকজন চোর সন্দেহে তাকে পিটিয়ে গুরুত্বর আহত করে। বুধবার সকাল ৮টায় মামুনের মা সখিনা বেগম মনিরামপুর হাসপাতালে আহত ছেলেকে ভর্তি করেন।
মনিরামপুর হাসপাতালের চিকিৎসক সুমন কুমার নাথ জানান, সকাল ৮টা ২৫ মিনিটে তার মা সখিনা বেগম হাসপাতালে নিয়ে আসেন ভর্তি করতে। এ সময় তার ডান পায়ের সামনের অংশ গুরুত্বর জখম ছাড়াও শরীরের অধিকাংশ স্থানে ফোলা জখম ছিলো। তাকে বেধড়ক আঘাত করা হয়েছে বলে জানান এ চিকিৎসক। দুপুর ২টা ৩০ মিনিটের দিকে উলফাত আরা সুলতানা চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত. ঘোষনা করেন।
স্থানীয় চেয়ারম্যান জি,এম আহাদ আলী জানান, মনিরামপুর ফাজিল সিনিয়র মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্র ছিলেন। মঙ্গলবার রাত ১১টার দিকে মামুনকে চোর হিসেবে খোজালীপুর মাঝেরপাড়ার লোকজন পিটিয়ে গুরুত্বর আহত করেন।
স্থানীয় একাধিক সূত্র জানায়, ৮ মাস আগে এ গ্রামের আয়নাল হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে মোবাইল চুরির ঘটনা ঘটে। সে ঘটনায় মামুন জড়িত ছিলো বলে দাবী করেন গ্রামবাসী। তবে মঙ্গলবার রাতের ঘটনায় কোথাও চুরির ঘটনা ঘটেনি বলে গ্রামবাসীর জানান। তবে পূর্ব শত্রুতার জেরে তাকে চোর হিসেবে রাতের অন্ধকারে মারপিট করে গুরুত্বর আহত করা হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধি এবং পুলিশ সূত্র জানিয়েছেন।
থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, খোঁজ-খবর নিতে সন্ধ্যা পর্যন্ত খোজালীপুর গ্রামে সরেজমিন দেখা হচ্ছে। তবে রিপোর্ট লেখার আগ পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার বা মামলা করা হয়নি। নিহত মামুন উপজেলার খোজালীপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে।