নওগাঁয় সাতশ’ পিস ইয়াবা বহনের দায়ে রফিকুল ইসলাম (৫০) নামে এক মাদক ব্যবসায়ীর ১০ বছর কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। তিনি চাপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চরবাররশিয়া করিমহাজিরটোলা গ্রামের মৃত আবদুস সালামের ছেলে। সোমবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো: মেহেদী হাসান তালুকদার প্রকাশ্য আদালতে এই রায় ঘোষণা করেন। রায়ে কারাদন্ডসহ ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম করাদন্ডেরও আদেশ দেয়া হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, গত ২০১৬ সালের ৮মার্চ নওগাঁর পোরশা উপজেলার গ্যালুয়াপাড়া নামক স্থানে চাপাইনবাবগঞ্জ থেকে সরাইগাছীগামী একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো জ-০৪-০৩২৪) নওগাঁর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম তল্লাশি চালিয়ে ওই বাসের যাত্রী রফিকুল ইসলামের কাছ থেকে সাতশ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ বাদি হয়ে পোরশা থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলায় রফিকুল ইসলামকে অভিযুক্ত করে চার্জশিট দিলে মামলাটি বিচারের জন্য অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে স্থানান্তর করা হয়। দীর্ঘ শুনানি শেষে বিচারক উপর্যুক্ত রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট মীর ইফতিখার রহমান ও আসামীপক্ষে অ্যাডভোকেট প্রকাশ চন্দ্র মন্ডল।