দেনার দায়ে আত্মগোপনে গিয়েও শেষ রক্ষা হলো না গ্রামীণ ব্যাংক কর্মী মামুনুর রশিদের (৩৬)। অবশেষে দিনাজপুরের চিরিরবন্দর থানা পুলিশ তাকে গত ১৩ ফেব্রুয়ারি শনিবার জয়পুরহাট থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে। উদ্ধার হওয়া গ্রামীণ ব্যাংক কর্মী মামুনুর রশিদ নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের জুয়ারপাড়া গ্রামের আবদুল মতিনের ছেলে। তিনি চিরিরবন্দর উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের অকড়াবাড়ীতে গ্রামীণ ব্যাংক শাখায় ফিল্ড কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। চিরিরবন্দর থানার উপপরিদর্শক এমদাদুল হক ও আশরাফুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল গত ১৩ ফেব্রুয়ারি শনিবার বিকেলে তাকে জয়পুরহাট সদরের কাশিপুর নামক স্থানে একটি নার্সারী থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন।
ঘটনার বিবরণে প্রকাশ, গত ৩ জানুয়ারি বুধবার দিনব্যাপি মাঠ পর্যায়ে ঋণের কিস্তির টাকা আদায় করে অফিসে আসেন এবং বিকেলে আবারো বকেয়া কিস্তির টাকা তুলতে অফিস থেকে বেরিয়ে যান। তিনি তেঁতুলিয়া ইউনিয়নের সিঙ্গানগর গ্রামের চৌরঙ্গীবাজারের জনৈক ব্যক্তির বাড়িতে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি রেখে ভূষিরবন্দর বাজারের উদ্দেশ্যে বের হয়ে যান। এরপর থেকে তার কোন হদিস পাওয়া যাচ্ছিল না। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল। আত্মীয়-স্বজনসহ তার সহকর্মীরা বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুজি করেও তাঁর কোন সন্ধান পাননি। এ ঘটনায় তাঁর স্ত্রী মোছা. নাহিদা সুলতানা গত ৪ ফেব্রুয়ারি চিরিরবন্দর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং ১৫৬।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার তার উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। দেনার টাকা পরিশোধ করতে না পেরেই তিনি অপহরণ ঘটনার অবতারণা করেন। মামুনকে তার শ্বশুড় নওশাদ আলী এবং স্ত্রী মোছা. নাহিদা সুলতানার জিম্মায় দেয়া হয়েছে।