হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(হাবিপ্রবি) অস্বচ্ছল শিক্ষার্থীদের স্মার্টফোন ক্রয়ের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে সরকার কর্তৃক প্রদত্ত সফট লোনের চেক বিতরণ করা হয়েছে। প্রথম পর্যায়ে ৯৮৪ জনকে চেক প্রদান করা হয়।
রোববার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার আয়োজনে এই চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবি’র ট্রেজারার প্রফেসর ড.বিধান চন্দ্র হালদার।
চেক বিতরেনকালে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ডাঃ মোঃ ফজলুল হক, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার, আইআরটি এর পরিচালক প্রফেসর ড. মোঃ তারিকুল ইসলাম, শরীরচর্চা শাখার পরিচালক প্রফেসর ড. শাহ মইনুর রহমান, সহকারি প্রক্টর ড. মোঃ রবিউল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার সহকারি পরিচালক মোঃ আব্দুল মোমিন শেখ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার উপ-পরিচালক মোঃ মাহাবুর রহমানসহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ।
প্রধান অতিথি প্রফেসর ড.বিধান চন্দ্র হালদার বলেন, করোনাকালীন সময়ে অস্বচ্ছল শিক্ষার্থীদের কষ্টের কথা বিবেচনা করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আমি আশা করি মোবাইলের অভাবে তোমাদের যাদের অনলাইন ক্লাস করতে সমস্যা হতো তাদের আর কষ্ট হবেনা।
এদিকে ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ তার বক্তব্যে বলেন, প্রাথমিক পর্যায়ে ২৫২৬ জনকে নির্বাচিত করেছিলাম, পরবর্তিতে ইউজিসি এর সিদ্ধান্তের (বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর ১৫%) কারণে ১৬৭০জনকে নির্বাচন করা হয়। সফট লোনের শর্ত উল্লেখ করে এই ১৬৭০ জনের কাছে আবার আবেদন আহবান করা হয়। প্রথম পর্যায়ে ৯৮৪ জন আবেদন করেছে, রোববার তাদের চেক প্রদান করা হয়। বাকিরা (১৬৭০ জনের মধ্যে নাম থাকতে হবে) ১৫তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। তিনি বলেন, নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের প্রদানকৃত এই ঋণ সম্পূর্ণ সুদমুক্ত এবং স্মার্টফোন ক্রয়ের ভাউচারটি সংশ্লিষ্ট শিক্ষার্থীকে চেক গ্রহণের ১০দিনের মাঝে সফটলোন অনুমোদন কমিটি’র সদস্য-সচিবের নিকট জমা দিতে হবে।