নওগাঁর মান্দায় ডিবি পুলিশের ভূয়া পরিচয় দিয়ে এক যুবকের নিকট থেকে টাকা ও মোবাইলফোন ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। নওগাঁ গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের মীরপাড়া গ্রামে গোলাম মীরের ছেলের মাহমুদুল হাসান নেহাল (২২) ও আবদুল জব্বার মন্ডলের ছেলে আবদুল মাজেদ (২৭)।
নওগাঁ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ফেরদৌস জানান, আটককৃত নেহাল ও আবদুল মাজেদসহ আরও দুই যুবক গত শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার জোতবাজারের অদুরে ত্রিমোহনী এলাকায় আশিক নামে এক যুবকের পথরোধ করে। এরপর ডিবির পরিচয় দিয়ে হ্যান্ডকাপ লাগানোসহ বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। পরে ওই যুবকের কাছে থাকা ১৫ হাজার টাকা ও একটি মোবাইলফোন ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়।
তিনি আরও বলেন, বিষয়টি অবহিত হয়ে ঘটনার অনুসন্ধান শুরু করা হয়। পরে নিশ্চিত হয়ে নেহাল ও মাজেদকে আটকসহ টাকা ও মোবাইলফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।