নওগাঁর রাণীনগরে বাবা-মা’র সম্পত্তি থেকে ভাই-বোনদের বঞ্চিত করতে নানা ভাবে হয়রানীর অভিযোগ ওঠেছে মেঝ ভাই মোরশেদ এর বিরুদ্ধে। এ ঘটনায় সম্পত্তির দখল নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সংর্ঘষ ঘটতে পারে বলে আশঙ্কা করছেন অভিযোগকারী। ভুক্তভোগী ভাই নুর হোসেন সুষ্ঠু প্রতিকার চেয়ে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নের টুং গ্রামের মৃত বাহার আলীর ছেলে নুর হোসেন জানান,গত ৩০/৩৫বছর আগে বাবা বাহার আলী মারা যান। মৃত্যুকালে বেশ কিছু সম্পত্তি রেখে যান। সেই থেকে আমরা ভাই-বোন মিলে সম্পত্তি ভোগ দখল করে আসছি। এরইমধ্যে মা’ তার ৪৭ শতক সম্পত্তি আমাদের ভাই-বোনদের লিখে দেন। এরপর হঠাৎ করেই ভাই মোরশেদ একটি দলিল বের করে বাবা তাকে লিখে দিয়েছে মর্মে দাবি করে। এরপর আমাদেরকে সম্পত্তি থেকে উচ্ছেদ করতে আমাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে আমরা থানায় হাজির হলেও ভাই মোরশেদ থানায় না গিয়ে আমাদের সম্পত্তি দখল করে ভোগ দখলসহ আমাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করছে। তিনি আরো জানান,এক প্রতিবন্ধি ভাইকে তিনি ভাত-কাপড় দিয়ে লালন করছেন। এ ছাড়া মা’কে দীর্ঘদিন দেখা শোনার পর বোন প্রায় ১০ বছর ধরে মাকে তার বাড়ীতে নিয়ে দেখা শোনা করছেন। এ ঘটনায় স্থানীয়ভাবে একাধিকবার বৈঠকের মাধ্যমে মিমাংশার উদ্যোগ নিলেও বৈঠকে হাজির না হয়ে আমাদেরকে বিভিন্নভাবে ভয়-ভিতি ও হুমকি ধামকি দিয়ে আসছে। ইতোমধ্যে জমিতে গেলে আমাদেরকে হাল চাষে বাধা দিয়ে তুলে দিয়েছে। সম্পত্তির দখল নিয়ে যে কোন সময় সংর্ঘষ বাধতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এ ঘটনায় সংর্ঘষ এড়াতে এবং সুষ্ঠু প্রতিকার চেয়ে নুর হোসেন রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এব্যপারে ভাই মোরশেদ অভিযোগ অস্বীকার করে বলেন,আমি যে পরিমান সম্পত্তি পাবো সেগুলো ভাই-বোন আমাকে দিচ্ছেনা। তারাই জমিতে ধান রোপন ও দখলে বাধা দিচ্ছে। বাধ্য হয়ে আমি আদালতের আশ্রয় নিয়েছি।
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন,ভাই-বোনদের সম্পত্তি নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পরে মোরশেদ হোসেন আদালতের আশ্রয় নিয়েছেন এবং ওই বিবাদমান জায়গায় শান্তি বজায় রাখতে আদালত ১৪৪ ও ১৪৫ ধারা জারি করেছে। যদি কেউ শান্তি ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।