বিরলে নির্মাণাধীন একটি মার্কেটে সন্ত্রাসী কায়দায় ভাঙ্চুর চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে। ক্ষতিগ্রস্থ মার্কেট মালিক বাদী হয়ে ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
মার্কেট নির্মাণকারী আলহাজ¦ মোঃ আবদুল মোতালেব বাবু মাষ্টার জানান, রাণীপুকুর ইউপি’র মির্জাপুর গ্রামের ৬৬২ নং দাগের সিএস ও এস এ রেকর্ডীয় মালিক মুন্সি আজিমুদদীন এর অন্যান্য ওয়ারিশগণসহ নাতী আবদুল মোতালেব মাস্টার ভোগদখল করে আসাকালীন ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ওই জমিতে একটি মার্কেট নির্মাণ কাজ শুরু করেন। নির্মাণাধীন ওই মার্কেটে গত ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে একই গ্রামের নজরুল ইসলাম, আরফান আলী, মঞ্জুরুল ইসলাম এর নেতৃত্বে ১০/১২ জন অজ্ঞাতনামা লোকজন দেশীয় অস্ত্রে সজ্জ্বিত ও দলবদ্ধ হয়ে নির্মাণাধীন মার্কেটে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে ব্যাপক ভাঙ্চুর করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। এ সময় হামলাকারীদের পক্ষ হতে নির্মাণ শ্রমিকদের কাজ বন্ধ করতে ও আবদুল মোতালেব বাবু মাষ্টারকে জীবনে মেরে ফেলে লাশ গুম করার হুমকি দেয়া হয়। সংবাদ পেয়ে আবদুল মোতালেব বাবু মাষ্টার পুলিশকে জানালে পুলিশ আসার সংবাদে ভাঙ্চুরকারীরা সকলে পালিয়ে যায়।
শনিবার বিকালে এ রিপোর্ট লেখাকালীন ভূক্তভোগী ক্ষতিগ্রস্থর পক্ষ হতে মামলা দায়ের এর প্রস্তুতি চলছিল।