নারী সাংবাদিককে হুমকি ও হয়রানির অভিযোগে হোয়াইট হাউসের উপ-প্রেস সচিব টি জে ডাকলোকে বরখাস্ত করা হয়েছে। প্রশাসন বলছে, জানুয়ারিতে তিনি এক নারী সাংবাদিককে হুমকি দেন। ওই অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশের পর তাকে বরখাস্ত করা হয়। খবর এনবিসি নিউজ।
হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি জানিয়েছেন, অ্যালেক্সি ম্যাককেমন্ড নামে অপর এক নারী সাংবাদিকের সঙ্গে ডাকলোর সম্পর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশের চেষ্টা করেছিলেন ওই সাংবাদিক। বিষয়টি জানতে পেরে ডাকলো প্রতিবেদককে ডেকে নিয়ে হুমকি দিয়েছিলেন। বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর তাকে এক সপ্তাহের জন্য বরখাস্ত করা হয়।
এদিকে জেন সাকি শুক্রবার (১২ ফেব্রুয়ারি) পলমেরি নামে ভুক্তভোগী নারী প্রতিবেদককে ফোন করেন। এসময় তিনি তাকে বলেন, ‘বিষয়টি আমি খুবই গুরুত্বসহকারে নিয়েছি। তিনি (ডাকলো) বিষয়টি নিয়ে অনুতপ্ত এবং তার ব্যবহারের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। পরবর্তীতে তিনি কাজে ফিরলেও তাকে আর পলিটিকোর সংবাদকর্মীদের সঙ্গে কোনো কাজে অ্যাসাইন করা হবে না।’