গণতন্ত্র ও স্বৈরশাসনের লড়াইয়ে গণতন্ত্রকে সরল ভাষায় সত্য বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরশাসন প্রকৃত রূপ আড়াল করতে সবসময় মিথ্যা বলবে এবং আপত্তি জানাবে। গণতন্ত্রই তার নিজের মতো করে বলতে পারে। উইঘুরদের ওপর চীনের অত্যাচারকে কী বলা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এ বিষয়টা মনে রাখতে হবে।
ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও নিজের শেষ কর্মদিবসে একে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছিলেন। যদিও জো বাইডেন চলতি সপ্তাহে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রথম আলোচনায় শব্দটি ব্যবহার করেননি, তবে তার প্রশাসন বারবার করেছে এবং যুক্তরাজ্যের আইনপ্রণেতারাও বিষয়টিতে তালগোল পাকিয়েছেন। কিন্তু এটা কি ঠিক?
শুধু শব্দের অর্থ দিয়ে বোঝালে সেটি ঠিক নয়। যেভাবে ‘হত্যাকাণ্ড’ অর্থ একজনকে হত্যা করা, ‘আত্মহত্যা’ মানে নিজেকে হত্যা করা, তেমনি ‘গণহত্যা’ অর্থ একটি জাতিকে হত্যা করা। চীনে উইঘুরদের ওপর অত্যাচার প্রচণ্ড ভয়াবহ: তারা সম্ভবত ১০ লাখ মানুষকে কারাবন্দি করে রেখেছে, যাকে ভুলভাবে ‘পেশাগত প্রশিক্ষণকেন্দ্র’ উল্লেখ করা হচ্ছে। তারা উইঘুর নারীদের জোরপূর্বক বন্ধ্যা করছে। তবে তাদের হত্যা করছে না।