২৭ ঘন্টা পর নৌকা থেকে লাফিয়ে পড়া নিখোঁজ কলেজ ছাত্র আল ফারাহ শোয়েবের মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে ডুবুরি হুমায়ুন কবির মরদেহটি উদ্ধার করেন। শোয়েব যশোরের পুরাতন কসবা এলাকার পরিবহন সুপারভাইজার শাহিন হোসেনের ছেলে।
এ সময় ইউএনও সৈয়দ জাকির হাসান ও থানার ওসি রফিকুল ইসলামসহ নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল সাড়ে নয় টায় দ্বিতীয় দিনের উদ্ধার কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রায় সাতাশ ঘন্টা পর তারা শোয়েবের মরদেহের সন্ধান পান।
বৃহস্পতিবার যশোর সরকারী সিটি কলেজ থেকে একদল শিক্ষার্থী রাজগঞ্জ ঝাঁপা বাওড়ের পশ্চিমপাড়ে পিকনিকে আসেন। এরমধ্যে নিহত শোয়েবসহ তন্ময় ও রিফাত হাসান নৌকা থেকে সাঁতার কাটতে বাওড়ে লাফিয়ে পড়লে দুইজন তীরে উঠে আসলেও শোয়েব নিখোঁজ হয়।
মনিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, শোয়েব যেখানে লাফিয়ে পড়েছিল সেখান থেকে ১’শ ২০ হাত উত্তরে তার মরদেহ পাওয়া গেছে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, কিছু প্রক্রিয়া শেষে শোয়েবের মরদেহ তার স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।