ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও নানা উপঢৌকনে নতুন মেয়র ও কাউন্সিলররা নাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন। বৃহস্পতিবার বিকেলে মুক্তাগাছা পৌরসভার নব নির্বাচিত মেয়র, উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকারসহ নির্বাচিত কাউন্সিলরদের সম্মানে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। স্থানীয় আরকে মডেল হাই স্কুল মাঠে নাগরিক সংবর্ধনা বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলহাজ¦ কেএম খালিদ এমপি।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড. বদর উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাকেব এমপি সালাহ উদ্দিন আহমেদ মুক্তি,উপজেলা আ.লীগের সহ-সভাপতি আজিজুল হক ইদু,সরকারি শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইদ্রিস আলী, মুক্তাগাছা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বপন কুমার দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরব আলী, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক চন্দন কুমার সাহা, প্রাথমিত শিক্ষক সমিতির সভাপতি আবদুল জলিল, অধ্যাপক সেলিম সরকার, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মনি, সাধারণ সম্পাদক লুৎফর হায়দার রাসেল, ছাত্রলীগ নেতা শুভ দে, ইমরান, মনিরুজ্জামান বাবু, রকিব, ফাহিম প্রমূখ।
পরে রাতে কন্ঠশিল্পী ইমরান, ক্লোজ আপ ওয়ান শিল্পপী সালমার পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।