শুষ্ক মৌসুম আসার আগেই পাবনার সুজানগরে প্রমত্ত পদ্মা নদী শুকিয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে। এতে নদীতে খেয়া নৌকা চলাচল বিঘ্নিত হচ্ছে।
উপজেলার পদ্মাপাড়ের সিংহনগর গ্রামের বাসিন্দা ডাঃ লিয়াকত আলী বলেন একসময় প্রচ- স্রোতস্বিনী প্রমত্ত পদ্মার গর্জনে মাঝি মাল্লারা পদ্মার বুকে খেয়া নৌকা চালাতে সাহস পায়নি। জেলেরা সাহস পায়নি তার মাছ ধরা নৌকা চালাতে। এমনকি অনেক সময় পদ্মার বিশাল ঢেউ আর ভয়ঙ্কার গর্জনের মুখে ফেরি এবং স্টিমারের মতো ভারি নৌ-যান পর্যন্ত চালানো সম্ভব হয়নি। কিন্তু কালের আবর্তনে সেই প্রমত্ত পদ্মা এখন শুষ্ক মৌসুম আসার আগেই একদম নাব্যতা হারিয়ে ফেলেছে। বিভিন্ন স্থানে জেগে উঠেছে ধুধু বালু চর। পদ্মা পাড়ের নারুহাটি গ্রামের বাসিন্দা সাবেক ইউপি মেম্বার খলিলুর রহমান বলেন উপজেলার সাতবাড়ীয়া পদ্মা নদীর খেয়াঘাট হতে রাজবাড়ীর পাংসা উপজেলার হাবাসপুর খেয়াঘাট পর্যন্ত পদ্মা নদীর বেশ কয়েক জায়গায় চর জেগে উঠেছে। এতে খেয়া নৌকা চলাচল বিঘ্নিত হচ্ছে। খেয়া নৌকার মাঝি স্বপন কুমার বলেন বর্ষা মৌসুমে সাতবাড়ীয়া হতে হাবাসপুর পর্যন্ত ৬কি.মি পদ্মা নদী পার দিতে ২৫থেকে ৩০মিনিট সময় লাগতো। আর বর্তমানে পদ্মায় চর জেগে উঠায় অনেক পথ ঘুরে যাওয়ার কারণে ১ঘন্টারও বেশি সময় লাগছে। সেকারণে যাত্রীরা দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারছেন না। আর দ্রুত গন্তব্যে পৌঁছাতে না পারার কারণে অনেক যাত্রী তাদের প্রয়োজনীয় কাজ-কর্ম সঠিক সময় সম্পন্ন করতে না পেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভুক্তভোগী খেয়া নৌকার মাঝি ও যাত্রীরা ড্রেজিংয়ের মাধ্যমে নদীর নাব্যতা বৃদ্ধি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। স্থানীয় এমপি আহমেদ ফিরোজ কবির বলেন নদীর নাব্যতা বৃদ্ধি করতে শিগগিরই ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হবে।