নারীদের সম্পর্কে বিরূপ মন্তব্য করার অভিযোগে টোকিও অলিম্পিকের আয়োজক কমিটির প্রধান যোশিরো মোরি পদত্যাগ করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
গত ৩রা ফেব্রুয়ারি জাপানি অলিম্পিক কমিটির বৈঠকে যোশিরো মোরি বলেন, 'নারী বোর্ড পরিচালকের সঙ্গে বৈঠকে ''অনেক সময়" লাগে এবং নারীরা খুব বেশি কথা বলেন।''
নারীদের সম্পর্কে তার এমন বক্তব্য অযৌক্তিক এবং অলিম্পিক চেতনার পরিপন্থী উল্লেখ করে সামাজিক মাধ্যমে তার পদত্যাগের দাবি ওঠে। সে সময় যোশিরো মোরি (৮৩) তার মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইলেও নিজের দায়িত্ব থেকে সড়ে দাঁড়াবেন না বলেও সাফ জানিয়ে দেন। তবে, ক্রমাগত তার পদত্যাগের জন্য চাপ বাড়তেই থাকে।
টয়োটাসহ টোকিও অলিম্পিকের প্রধান স্পনসরকারী প্রতিষ্ঠানগুলো জাপানের সাবেক এই প্রধানমন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। টয়োটার প্রেসিডেন্ট আকিও টয়োদা বলেন, 'যোশিরো মোরির এমন মন্তব্যে তারা হতাশ।'
এদিকে, টোকিওর গভর্নর ইউরিকো কোইক অলিম্পিক প্রধানের এমন মন্তব্যের প্রতিবাদে বলেছেন, 'তিনি অলিম্পিক কমিটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কোনও বৈঠকে অংশ নেবেন না।'
গত মঙ্গলবার একদল নারী সংসদ সদস্য তার এই মন্তব্যের জন্য সাদা পোশাক পরে প্রতিবাদ করে। এতে কিছু পুরুষ সংসদ সদস্যও সংহতি প্রকাশ করেন।
স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, এ বছরের শেষের দিকে শুরু হতে যাওয়া টোকিও অলিম্পিকের স্বেচ্ছাসেবক হিসেবে আবেদন করা প্রায় ৪০০ স্বেচ্ছাসেবী তাদের আবেদন প্রত্যাহার করেছে নিয়েছে।
এর আগে, মোরির এমন মন্তব্য নিয়ে টুইটারে হ্যাশট্যাগ মোরি রিজাইন লিখে অনেকেই টুইট করেন। এক টুইটার ব্যবহারকারী বলেন, 'লজ্জাজনক, এখন সময় হয়েছে, বেরিয়ে আসুন।' এছাড়াও, মিঃ মোরি যদি তার কাজ চালিয়ে যান তবে গেমস বর্জন করার জন্য অ্যাথলেটদের অনুরোধ করে টুইট করেন অনেকেই।
প্রসঙ্গত, টোকিও অলিম্পিকের আয়োজক কমিটির বোর্ডে বর্তমানে ২৪ জন সদস্য রয়েছেন, যার মধ্যে পাঁচ জন নারীও রয়েছেন। ২০১৯ সালে জাপানি অলিম্পিক কমিটি পরিচালক বোর্ডে নারীর সংখ্যা ৪০ শতাংশ বাড়ানোর লক্ষ্যে কাজ শুরু করে।