গাইবান্ধা জেলা পরিষদের অধীন একটি শতবর্ষী পুকুর ভরাট করে মার্কেট ও অডিটোরিয়াম নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে গাইবান্ধার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
গতকাল ডিবি রোডে প্রবীণ রাজনীতিবিদ ওয়ার্কার্স পার্টির পলিটব্যূরো সদস্য আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহমুদন্নবী টিটুল, গণফোরামের জেলা সভাপতি ময়নুল ইসলাম রাজা, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকন, কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, পরিবেশ আন্দোলন, গাইবান্ধার আহ্বায়ক ওয়াজিউর রহমান রাফেল, বাসদ মার্কসবাদী পাঠচক্র ফোরামের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবীর তনু, কৃষক শ্রমিক জনতালীগের জেলা সভাপতি মোস্তফা মনিরুজ্জামান, বাসদ মার্কসবাদী জেলা সদস্য কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, উদীচী’র জেলা সাধারণ সম্পাদক মাহমুদুল গনি রিজন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, লুটপাটের জন্যই পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শতবর্ষী পুকুর ভরাট করে মার্কেট ও অডিটরিয়াম নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে জেলা পরিষদ। তারা অবিলম্বে জনস্বার্থ বিরুধী এ সিদ্ধান্ত বাতিলের আহবান জানান। গণবিরুধী এ সিদ্ধান্ত বাতিল করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও জানান বক্তাগণ।