বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পল্লীতে ছাড়পত্র ছাড়া অবৈধভাবে গড়ে উঠা এক সিসা তৈরির কারখানায় অভিযান চালিয়ে সেলিম হোসেন জাহাঙ্গীর (৫৫) নামের এক শ্রমিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি কাহালু উপজেলার জামগ্রামের আবদুল গাফফারের ছেলে। সেই সঙ্গে কারখানাকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দারিয়াপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. শারমিন আখতারের নির্দেশে ও থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) কামরুল ইসলামকে সঙ্গে নিয়ে পরিবেশের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে গড়ে উঠা করাখানায় অভিযান পরিচালনা করে এক শ্রমিককে ১৫ দিনের কারাদ- দেওয়া হয়।
নির্জন একটি এলাকায় ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করছিলেন। যেটি পরিবেশ ও এলাকাবাসীর জন্য হুমকিস্বরুপ। তাই পরিবেশ আইনে এটি আমলে নিয়ে তাদের শাস্তি দেওয়া হয়েছে এবং কারখানাটি উচ্ছেদ করা হয়েছে।