নওগাঁর মহাদেবপুরে রাস্তা বের করার জন্য একদল সন্ত্রাসী প্রভাবশালীদের সহযোগিতায় প্রকাশ্য দিবালোকে উস্ত্র উঁচিয়ে উমর আলী নামে একজন ভিক্ষুকের ইটের পাকা বাড়ি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। ৯৯৯ নং এ ফোন করার পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ঘটনার দুই দিন পরও পুলিশ এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। একটি প্রভাবশালী চক্র ওই পরিবারের উপর একের পর এক সন্ত্রাসী হামলা চালিয়ে তাদেরকে বসতবাড়ি থেকে উচ্ছেদের পাঁয়তারা করছে। কিন্তু দীর্ঘদিন ধরে তাদেরকে কেউ আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ দিচ্ছেনা। ঘটনার বিচারের জন্য ওই ভিক্ষুক এখন দ্বারে দ্বারে ধর্না দিচ্ছেন। তিনি উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের রামরায়পুর গ্রামের বাসিন্দা।
উমর আলী জানান, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। কিন্তু তার কাজগপত্র হারিয়ে যাওয়ায় কোন সুবিধা পাননা। গত ৮ ফেব্রুয়ারী তিনি মুক্তিযোদ্ধার তালিকা যাচাই বাছাইয়ের কাজে নওগাঁ সদর উপজেলায় গেলে বিকেল সাড়ে ৪টায় বাড়িতে তার স্ত্রী, কন্যা ও ছেলের বউসহ শুধু মেয়েরা থাকার সুবাদে পূর্বশত্রুতার জের ধরে প্রতিবেসী আলাউদ্দিনের ছেলে সোহাগ (২৫), মৃত আজগর আলীর ছেলে বেলাল হোসেন (৩৫) ও আলাউদ্দিন (৪০), কমর সরদারের ছেলে মানিক সরদার (৩২) ও মুক্তার সরদার, মৃত তিলু সরদারের ছেলে কমর সরদার, মৃত ওসমান আলীর ছেলে হেলাল উদ্দিন (৩৬), তার ছেলে সুমন (২০), মৃত ছফের মৃধ্যার ছেলে মছির উদ্দিন মৃধ্যা সদা (৫৮), অনন্তপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মিজানুর রহমান মির্জাসহ আরও ১৫-২০ জন সন্ত্রাসী হাতে পিস্তল জাতীয় অস্ত্র, রামদা, শাবল, চাইনিজ কুড়াল, কোদাল ইত্যাদি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়ীর দুইটি ইটের ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়। বাড়ির মেয়েরা তাদেরকে বাধা দিলে সন্ত্রাসীরা তাদের উপর গরম পানি, ঝালের গুড়া, ইটের গুড়া ও বালু নিক্ষেপ করে। অস্ত্রের মুখে তারা ভিক্ষুকের এক নাতনির ওড়না খুলে নেয়।
এব্যাপারের ভিক্ষুকের মেয়ে রুমিয়া বেগম বাদি হয়ে মহাদেবপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। কিন্তু থানা পুলিশ দুই দিনেও এ ব্যাপারে কোন ব্যবস্থা নেয়নি।
জানতে চাইলে মহাদেবপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযুক্তরা জানান, তাদের বাড়িতে যাবার রাস্তা বের করার জন্য তারা ওই বাড়ি ভেঙ্গেছে।
বাদি রুমিয়া বেগম জানান, প্রতিবেসী বেলাল, তার ভাই ও চাচার তিনটি পরিবারের যাতায়াতের জন্য রুমিয়ার জমির উপর দিয়ে রাস্তা চায়। গত ২০১৯ সালের ২২মে চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদুন নবী রিপনের নেতৃত্বে জোড় করে সন্ত্রাসী কায়দায় রুমিয়ার জমির উপর লাগানো গাছপালা কেটে রাস্তা তৈরী করা হয়। ভিক্ষুকের লোকজন রাস্তায় শুয়ে পড়ে রাস্তা বের করার কাজে বাধা দিলে চৌকিদার দিয়ে তাদেরকে ঘরে আটকে রাখা হয়। গতবছর ২৫ এপ্রিল রুমিয়ার মোট মাত্র আড়াই কাঠা জমির মধ্যে থেকে এক কাঠা জমি জবর দখল করে ৫ফুট পর্যন্ত ইট দিয়ে সোলিং করে দেয়া হয়। চেয়ারম্যান সেসময় বলেন, ইটদিয়ে ঘর করার সময় ২ফুট ইট তুলে নেয়া হবে। ভিক্ষুকের লোকজন এতে বাধা দিলে সন্ত্রাসীদের স্বসস্ত্র হামলায় ভিক্ষুকের স্ত্রী সামছুন্নাহার, মেয়ে রুমিয়া, ছেলে সামসুদ্দিন ও ছেলের বউ রুমিয়া (২) মারাত্মক আহত হয়। তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। সামসুদ্দিনের পা ভেঙ্গে যায় ও মাথায় ৬টি সেলাই দিতে হয়। গত ২৫ জানুয়ারী ভিক্ষুকের মেয়ে রুমিয়া বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে ওই রাস্তার ১ফুট ইট তুলে সেখানে বাড়ির ওয়াল নির্মান করতে গেলে প্রতিপক্ষরা তাদের হুমকি ধামকি দেয়। রুমিয়া তার বাড়ি নির্মানের কাজে সহযোগিতা চেয়ে এলাকার এমপি আলহাজ¦ মো: ছলিম উদ্দিন তরফদার সেলিমের নিকট একটি আবেদন দেন। এমপি বিষয়টি তদন্ত করে দেখার জন্য চাঁন্দাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনকে নির্দেশ দেন। এরপর রুমিয়া দুইটি পাকা ঘর নির্মান করেন। তার ঘর ছাড়াও ৪ফুট চওড়া রাস্তা ফাকা রয়েছে।
অভিযুক্তরা জানায়, রাস্তা বড় করার জন্য তারা ভিক্ষুকের বাড়ি ভেঙ্গেছে। চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদুন নবী রিপন জানান, চলাচলের রাস্তা বের করা হয়েছিল। কিন্তু জমির মালিক জায়গা না দিলে সেখানে তাদের কিছু করার নেই। ভিক্ষুকের সামান্য জমি কেড়ে নিয়ে কেন ইট বিছানো হলো সে ব্যাপারে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। তবে ইটগুলো কোন সরকারি প্রকল্পের নয় বরং সেগুলা তাঁর ব্যক্তিগত তহবিল থেকে কেনা বলেও তিনি জানান।
বুধবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি উভয়পক্ষকে নিয়ে বিষয়টি মিমাংসা করবেন বলে জানান।
প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের হামলায় এলাকায় দারুন ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাবাসী সন্ত্রাসীদের উপযুক্ত বিচার দাবি করেছেন।