নওগাঁর মান্দায় সরকারি দুটি জলাশয় সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে এ কাজের উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ।
এসময় কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল আলিম, উপসহকারি প্রকৌশলী হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার, ঠিকাদার আমিনুল ইসলাম, নুরুল্লাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্ট, যুবলীগনেতা মোস্তাফিজুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সুত্র জানায়, জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোটমুল্লুক গ্রামের কৈকুড়ি (মিঠা পুকুর) ও নুরুল্লাবাদ ইউনিয়নের কালীগ্রাম এলাকায় সিঁন্দুরমোচা নামে দুটি সরকারি পুকুরে সংস্কার কাজ শুরু করা হয়েছে। এক দশমিক ২০ একর আয়তনের কৈকুড়ি পুকুর পুনঃখননে ৬ লাখ ৯৮ হাজার টাকা এবং এক দশমিক ৭৫ একর আয়তনের সিঁন্দুরমোচা খননে ব্যয় ধরা হয়েছে ৭ লাখ ৮৪ হাজার টাকা। সুত্রটি আরও জানায়, প্রকল্পটি বাস্তবায়ন করছে মৎস্য অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।