সরাইলে মায়ের লাঞ্ছিতের প্রতিবাদ করায় আপন চাচা ও চাচাত ভাইদের হাতে খুন হল রূহেল মিয়া (২৮)। উপজেলার সদর ইউনিয়নের মোঘলটুলা গ্রামে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে রাতেই নিহতের আপন চাচা গেন্দু মিয়া (৪৮), চাচী মোমেনা বেগম (৪৫) ও চাচাত ভাই ইয়াহিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল সকালে সরেজমিনে দেখা যায়, পাশাপাশি ছোট দুটি দু’চালা টিনের ঘর। সেখানেই দুই পরিবারের বসবাস। সামনে ছোট একটি ওঠান। শতশত নারী পুরূষের ভীর। রূহেলের মা ঝরিনা বেগমের বুকফাটা আহাজারিতে ভারি ওয়ে ওঠছে ওই গ্রামের পরিবেশ। পুলিশ, নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গেন্দু মিয়া ও লিয়াকত আলী সম্পর্কে আপন ভাই। পাশাপাশি ঘরে বসবাস করছেন তারা। রূহেল সহ গেন্দু মিয়ার ৫ ছেলে। আর কাউছার, আবু বক্কর সহ লিয়াকতের ৭ ছেলে। কাউছারদের বেপরোয়া জীবন যাপনে ভীতসন্ত্রস্থ থাকে ওই মহল্লার লোকজন। কাউকে তোয়াক্কা করে না এরা। এদের বিরূদ্ধে রয়েছে মাদকের ব্যবসা ও সেবনের অভিযোগ। আপন চাচীর দরজার সিঁড়িতে থুথু ফেলার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে রূহেলের মা ঝরিনা বেগমকে (৪৫) মারধর করে গেন্দু মিয়ার ছেলে কাউছার (২২) ও আবু বক্কর (১৮)। রূহেল বসবাস করেন তার শ্বশুর বাড়ি টিঘর গ্রামে। আপন চাচা ও চাচাত ভাইদের হাতে মায়ের লাঞ্ছিত হওয়ার খবরে বাড়িতে এসে প্রতিবাদ করে রূহেল। এতে ক্ষিপ্ত হয়ে কাউছার ও তার পরিবারের অন্য সদস্যরা রাতে আবার তাদের চাচী ও চাচাত ভাইদের উপর হামলা চালায়। এ সময় তারা রূহেলকে ধরে ছুঁড়া ও বল্লম দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরূতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় রূহেলকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন। নিহত রূহেলের পিতা লিয়াকত আলী বাদী হয়ে আপন ভাই গেন্দু মিয়াকে প্রধান আসামি করে ৫ জনের বিরূদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। অজ্ঞাতনামা আসামি রয়েছেন আরো ২/৩ জন। রূহেলের মা ঝরিনা বেগম বলেন, আমার বুকের ধনরে গেন্দু, মোমেনা, কাউছার, আবু বক্কর, ইয়াহিয়া ও ইসমাইলরা মিলে ছুঁড়া বল্লম দিয়া খুঁচাইয়া মারছে। কাউছাররে অনেকবার পুলিশ নিছে। জেলও খাটছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই। সরাইল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) এ এম এম নাজমুল আহমদ বলেন, ৩ জনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যের গ্রেপ্তারের চেষ্টা অবাহত আছে।