বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবিতে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন যশোর জেলা শাখা। এর আগে কালেক্টরেট চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের যশোর জেলা শাখার আহ্বায়ক প্রভাষক তরিকুল ইসলাম বলেন, ‘শুধুমাত্র জনবল কাঠামোর অজুহাতে দীর্ঘ ২৮ বছর ধরে আমাদেরকে কেন সরকারি সুযোগ-সুবিধার (এমপিও) বাইরে রাখা হয়েছে তা বোধগম্য নয়। তাই মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ ও পেশাগত দাবি আদায়ের জন্য সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বানে সারা দেশের ন্যায় আমরা যশোরের সকল কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকরা অহিংস ও শাান্তিপূর্ণভাবে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছি। আমরা প্রবলভাবে বিশ্বাস করি যে, হাজার বছরের সর্বশেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মানবিক দাবি মেনে নিবেন’।
কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার সভাপতি জনাব তরিকুল ইসলাম তারু, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার সাবেক সভাপতি ও ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি হারুন-অর-রশীদ, প্রভাষক আবদুল কুদ্দুস, প্রভাষক শরিফুল ইসলাম, প্রভাষক জাহাঙ্গীর হোসেন, রুমা পারভীন প্রমুখ।