বগুড়ার সান্তাহার পৌরসভার নব-নির্বাচিত মেয়র আলহাজ¦ তোফাজ্জল হোসেন ভুট্টু শপথ গ্রহণ করেন। গত সোমবার রাজশাহী বিভাগের ৬টি জেলার ১৯ পৌরসভার নব-নির্বাচিত মেয়র এবং ১৭১ জন সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের ৫৭ জন কাউন্সিলর শপথ নিয়েছেন। রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবির তাদের শপথ বাক্য পাঠ করান। ওই দিন বেলা ৩টায় দ্বিতীয় ধাপে সান্তাহার পৌরসভার নব-নির্বাচিত মেয়র আলহাজ¦ তোফাজ্জল হোসেন ভুট্টুকে শপথ বাক্য পাঠ করানো হয়। একই সঙ্গে এই পৌরসভার নব-নির্বাচিত ৯ জন সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের ৩ জন নারী কাউন্সিলর শপথ নিয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার নব-নির্বাচিত জন প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, মানুষ ভালবেসে, আপনাদের প্রতি আস্থা রেখে আপনাদের নির্বাচিত করেছেন। দায়িত্ব পালনের সময় মানুষের সেই আস্থার যেন প্রতিফলন ঘটে। বর্তমান সরকার স্থানীয় সরকারকে অনেক গুরুত্ব দিয়ে আসছে। সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে মানুষের আস্থার প্রতিফলন ঘটবে। অনুষ্ঠানে কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার পরিচালক জিয়াউল হক উপস্থিত ছিলেন। উল্লেখ্য দ্বিতীয় ধাপে গত ১৬ জানুয়ারি সান্তাহার পৌরসভা নির্বাচনের আলহাজ¦ তোফাজ্জল হোসেন ভুট্টু তৃতীয় বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন।