করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় প্রথম ধাপে ৫ হাজার ৭৪০ ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছেছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায়। করোনার টিকা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
আগামীকাল রোববার করোনা টিকাদান কার্যক্রম উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. শারমিন আখতার।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় এসব ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানো হয়। এ সময় ভ্যাকসিন গ্রহণ করেন মেডিকেল কর্মকর্তা ডা. নাজমুল হোসাইন। এসব ভ্যাকসিন উপজেলা ইপিআই স্টোর ভবনে রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল জানান, প্রথম ধাপে ৫ হাজার ৭৪০ করোনার ডোজ প্রহণ করা হয়েছে। কাল রোববার উপজেলায় প্রথম পর্যায়ের এসব ভ্যাকসিন প্রয়োগ করা হবে। করোনা ভ্যাকসিন যারা গ্রহণ করবেন তাদেরকে অবশ্যই সুরক্ষা অ্যাপে নিবন্ধিত হতে হবে। নিবন্ধন ছাড়া কেউই কোনও ভ্যাকসিন পাবেন না। এ পর্যন্ত ১৫৭ জন রেজিষ্ট্রেশন করেছেন।
তিনি জানান, করোনার ভ্যাকসিন প্রদানের জন্য চিকিৎসক ও টিকাদান কর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। টিকাদানের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে ২জন করে টিকাদান কর্মী ও ৪ জন করে স্বেচ্ছাসেবক রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. শারমিন আখতার বলেন, যারা রেজিষ্ট্রেশন করেছেন তারাই করোনার ভ্যাকসিন পাবেন। করোনার টিকা দিতে স্বাস্থ্য কমপ্লেক্সে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। সবাইকে নির্ভয়ে করোনা টিকা নেয়ার আহ্বান জানান তিনি।