বৃহস্পতিবার সকাল ৭টার দিকে যশোর সদরের চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া নারায়ণপুর গ্রামে ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে আবুল কাসেম (৬০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন।
নিহতের পরিবার বলছে, হত্যাকারী আলাল (২৮) একজন মানসিক প্রতিবন্ধী।
নিহত আবুল কাসেম একই গ্রামের মকসেদ আলীর ছেলে। আলাল একই গ্রামের রওশন আলীর ছেলে।
নিহতের পরিবার বলেন, আলালের মস্তিষ্কে বিকৃতি রয়েছে। সকালে বাবা বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। কোনো কিছু বুঝে উঠার আগেই আলাল একটি বটি দিয়ে হঠাৎ করেই তার বুকের বাম পাশে (বগলের নিচে) কোপ মারে। অন্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা দেন।
নিহতের ভাই আবদুল হামিদ বলেন, আলালকে বাড়িতে বেঁধে রাখা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ধারালো অস্ত্রের আঘাতের স্থানটিতে বেশ ক্ষত হয়। প্রচুর রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।
কোতয়ালী থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনা জানার পর সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।