নওগাঁর মান্দায় যাত্রীবাহী একটি বাসের চাপায় আমজাদ হোসেন (৫২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৬টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের কুসুম্বা ফিলিং ষ্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম উপজেলার মান্দা ইউনিয়নের সাহাপুর শেখপাড়া গ্রামের ছাবেদ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আমজাদ হোসেন খেত থেকে বেগুন তুলে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে নওগাঁগামী বেপরোয়া গতির যাত্রবাহী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আমজাদ হোসেনের মৃত্যু ঘটে। স্থানীয়রা জানান, আমজাদ হোসেন সড়ক ও জনপদ বিভাগে শ্রমিকের কাজ করতেন।
মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।