বাংলাদেশের কাছে পাঁচ হাজার করোনাভাইরাসের টিকা চেয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হাঙ্গেরি, যা তাদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এছাড়া দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াও বাংলাদেশের কাছে কিছু টিকা চেয়েছে। প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় প্রতিমন্ত্রী বলেন, “হাঙ্গেরি আমাদের কাছে পাঁচ হাজার টিকা চেয়েছে। আমাদের যে স্টক আছে সেখান থেকে।”
ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকার তিন কোটি ডেজ কিনছে বাংলাদেশ, যার মধ্যে ৫০ লাখ ডোজ ইতোমধ্যে দেশে পৌঁছেছে। এছাড়া উপহার হিসেবে ভারতের পাঠানো আরও ২০ লাখ ডোজ টিকা দেশে এসেছে।