ঝিনাইদহের হরিণাকু-ু পৌরসভা নির্বাচনে মান্দারতলা- জোড়াপুকুরিয়া কেন্দ্রে ব্যালট বক্স ভাংচুর, দু'পক্ষের ধাওয়া-পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সাগর হোসেন (৪০) নামে নৌকা প্রতীকের এক এজেন্টকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ গ্রুপের লোকজন। আহত সাগর হোসেন ওই গ্রামের আবদুস সাত্তারের ছেলে। স্থানীয়রা আহত সাগরকে উদ্ধার করে হরিণাকু-ু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাকা গুলি নিক্ষেপ করে। এ ঘটনায় ওই কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িক বন্ধ হয়ে যায়। পরে পুলিশি তৎপরতায় আবার ভোটগ্রহণ শুরু হয়। আহত সাগরের মা রূপসী বেগম অভিযোগ করেন, কাউন্সিলর প্রার্থী সিদ্দিক মাস্টারের পক্ষে ভোট করার কারণে সাগর কে কুপিয়ে জখম করা হয়। সাগরকে প্রথমে হরিনাকু-ু ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার বেলা ১১টার দিকে হরিণাকু-ু উপজেলার পৌরসভার মান্দারতলা জোড়পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। হরিণাকু-ু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম মোল্লা এ তথ্য নিশ্চিত করে জানান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। তবে পৌর এলাকার শুড়া ফতেপুর, লালন শাহ অনার্স কলেজ, প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয় ও শহরের প্রাণকেন্দ্রে হরিনাকু-ু সরকারি বালিকা বিদ্যালয় বহিরাগতদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। তাদেরকে ভোট কেন্দ্রের ভিতর প্রভাব বিস্তার করতে দেখা গেছে। এই বহিরাগতদের প্রভাব বিস্তার ও আনাগোনার প্রতিবাদ করার কারণে বেশ কয়েকটি কেন্দ্রে নৌকার প্রার্থী ও ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ বিজিবি আনসার ও ম্যাজিস্ট্রেটদের ব্যাপক তৎপরতা ছিল।