তৃতীয় দফায় ভাসানচরে পা রাখলেন ১৭৭৮ জন রোহিঙ্গা। শুক্রবার দুপুর একটার সময় নৌ-বাহিনীর চারটি জাহাজে চট্টগ্রাম থেকে ভাসানচরে পৌঁছে।
ভাসানচরে আসার পরপরই প্রথমে তাদের স্বাস্থ্য প্ররীক্ষা করেন গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা। এরপরেই নিয়ে যাওয়া হয় ওয়্যার হাউজে। সেখানে ভাসানচরের বসবাসের বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে ধারণা দেন নৌ-বাহিনীর সদস্যরা।
এর আগে শুক্রবার সকাল নয়টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে চারটি জাহাজ এই রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে যাত্রা করে।
ভাসানচরে স্থানান্তরের জন্য বৃহস্পতিবার দুপুরে তাদের উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে বাসে করে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছিল।
চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মো. মোজাম্মেল হক বলেন, চারটি জাহাজে রোহিঙ্গাদের নিয়ে আসা হয়। অন্য একটি জাহাজে করে এই রোহিঙ্গাদের মালপত্র নিয়ে আসা হয়।
নৌবাহিনী ও কোস্টগার্ডের দুটি জাহাজ ও চারটি স্পিডবোট নিরাপত্তা নিশ্চিত করতে রোহিঙ্গাদের বহনকারী জাহাজের সঙ্গে ছিল বলে জানান তিনি।।
কক্সবাজারের শরণার্থী শিবির ও তার বাইরে অবস্থান নিয়ে থাকা প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে নিয়ে নানা সামাজিক সমস্যা সৃষ্টির প্রেক্ষাপটে দুই বছর আগে তাদের একটি অংশকে হাতিয়ার কাছে মেঘনা মোহনার দ্বীপ ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার।