বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নিলেন যুগ্ম মহাসচিব আবদুল মজিদ। বৃহস্পতিবার বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদকে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে মিনিস্টার (প্রেস) পদে নিয়ােগ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই পদে যােগ দিতে বুধবার (২৭ জানুয়ারি) নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করার আগে মঙ্গলবার (২৬ জানুয়ারি) শাবান মাহমুদ বিষয়টি বিএফইউজে’র সভাপতি মােল্লা জালালকে লিখিতভাবে অবহিত করেছেন।
বৃহস্পিতিবার (২৮ জানুয়ারি) এক অফিস নােটিশে ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদকে সহযােগিতা করার জন্য সকলকে অনুরােধ জানিয়েছেন মােল্লা জালাল। আগামীকাল শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযােগাযােগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করা আবদুল মজিদ ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদক ছিলেন। কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন বাংলাদেশ কূটনৈতিক সাংবাদদাতা সমিতি’-ডিক্যাব' এর সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।