লোড-আনলোডের টোল আদায়কে কেন্দ্র করে টোল আদায়কারীর সাথে কাঁচামাল আড়ত ব্যবসায়ীদের বিরোধের জেরে আদায়কারীর অভিযোগে এক ব্যবসায়ীকে পুলিশ আটক করলে বুধবার প্রায় সাড়ে ৩ঘন্টা কাঁচা বাজার বন্ধ রেখে আন্দোলন শুরু করে দিনাজপুরের ফুলবাড়ীর স্থানীয় ব্যবসায়ীরা। পরে ফুলবাড়ী পৌরসভার মেয়র মোঃ মাহামুদ আলম লিটন এর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে নেয় কাঁচামাল ব্যবসায়ীরা।
জানা যায়, গত ২৫ জানুয়ারী পৌর বাজারের লোড-আনলোডের অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে ইজারাদারের সাথে কাঁচামাল আড়ত ব্যবসায়ীর সংঘর্ষ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে টোল আদায়কারী কাজল ঐদিন কয়েকজন কাঁচামাল ব্যবসায়ীদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গলবার দিবাগত রাত ১১টায় মুদি ব্যবসায়ী জুয়েলকে পুলিশ আটক করে। এরই প্রতিবাদে বুধবার সকাল থেকে কাঁচা বাজারের সকল ব্যবসায়ী তাদের দোকান বন্ধ করে আন্দোলন করেন। এ ঘটনায় সাধারণ ক্রেতা ও সবজী বিক্রি করতে আসা প্রান্তিক কৃষকরা চরম বেকায়দায় পড়ে।
ফুলবাড়ীর কাঁচাবাজার মালিক সমিতি‘র সদস্য দিপক বলেন, লোড-আনলোডকে কেন্দ্র করে যে সমস্যা হয়েছিলো তা মিটিয়ে দেওয়া হয়েছিলো। তারপরও কেনো ব্যবসায়ীকে থানায় আটক করা হলো, জবাব চাই। যতক্ষন তাকে মুক্তি দেওয়া হবেনা ততক্ষন কাঁচামাল ব্যবসায়ীদের এই অবরোধ-আন্দোলন চলবে। পরে সকাল ৯টার দিকে ৫নং ওয়ার্ড কাউন্সিলর পারভেজ, ৩নং ওয়ার্ড কাউন্সিল আবদুল মজিদ ও হাট ইজারাদার মোঃ মানিক মন্ডলকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পৌরসভার মেয়র মোঃ মাহামুদ আলম লিটন। পৌর মেয়র মোঃ মাহামুদ আলম লিটন অবরোধকারীদের অভিযোগ শুনেন এবং আটক জুয়েলকে মুক্তির ব্যাপারে আশ^াস দিলে অবরোধকারী কাঁচামাল ব্যবসায়ীরা সাময়িকভাবে তাদের অবরোধ-আন্দোলন তুলে নেন।