করোনা ভ্যাকসিন প্রয়োগের জন্য ৮৫ চিকিৎসক ও সেবিকাকে প্রশিক্ষণ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সকালে নগর ভবনে মেয়র হানিফ মিলনায়তনে তিনটি হাসপাতালে কর্মরতদের প্রশিক্ষণ দেয়া হয়। বুধবার প্রধানমন্ত্রী ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধনের পরদিন থেকে রাজধানীর পাঁচটি হাসপাতালে করোনার টিকা দেয়া হবে।
নানা জল্পনা কল্পনা শেষে মহামারি করোনার কাঙ্খিত ভ্যাকসিন এখন দেশে। প্রথম দফায় প্রতিবেশি দেশ ভারতের ২০ লাখ ডোজ উপহার হিসেবে দেয়া হলেও এরই মধ্যে যুক্ত হয়েছে আরো ৫০ লাখ ডোজ।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভ্যাকসিন দেয়ার ব্যাপারেও যথেষ্ট প্রস্তুতির কথা জানানো হয়েছে বারবার। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে ঢাকা দক্ষিন সিটি করপোরেশনে ভ্যাকসিন প্রদানকারী ৮৫ জনকে প্রশিক্ষন দেয়া হয়।
ভ্যাকসিন প্রয়োগে নানা ধরনের দিক নির্দেশনা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুইজন প্রশিক্ষক। মতামত দেন অংশগ্রহনকারীরাও। তারা জানান,'টিকাদান কর্মসূচীর প্রতি জনগনের আস্থা বৃদ্ধিকরা। আমাদের সতর্ক থাকতে হবে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে বা গুজব ছড়াতে না পারে। জনমনে ভীতির সৃষ্টি করতে না পারে।'