সিংড়া পৌরসভাকে আধুনিক, নিরাপদ, ডিজিটাল পৌরসভা গড়ে তোলার অঙ্গিকার করে ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মো. জান্নাতুল ফেরদৌস নির্বাচনী। ইশতেহারে বলা হয়, সিংড়া পৌরসভাকে পরিপূর্ণ ডিজিটালইজড করণসহ মোবাইল অ্যাপের মাধ্যমে নাগরিক সমস্যার অভিযোগ গ্রহন, সার্বক্ষণিক তদারকিসহ নাগরিকদের সুবিধা নিশ্চিত করা-যেখানে মেয়রের সাথে নাগরিকদের সরাসরি যোগাযোগের ব্যবস্থা থাকবে এবং ডিজিটাল কমান্ড সেন্টার তৈরি-যার মাধ্যমে শহরের নিরাপত্তা, দূর্যোগ ব্যবস্থাপনার মত কাজগুলো সম্পাদন করা হবে। রোববার বেলা সাড়ে ১১টায় সিংড়া উপজেলা শিল্প ও বণিক সমিতির ভবনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র এই ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিংড়া পৌর আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, যুগ্ম সাধারন সম্পাদক ও ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান, ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, ধর্মবিষয়ক সম্পাদক ও নৌকা প্রতীকের প্রধান এজেন্ট মাওলানা রুহুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান সৈকত প্রমুখ।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি সিংড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ প্রার্থী জান্নাতুল ফেরদৌসের একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন বিএনপির তাইজুল ইসলাম।