মুজিব শতবর্ষের উপহার হিসেবে নওগাঁর পত্নীতলায় ১১৪ ভূমিহীন পরিবারকে মালিকানার দলিলাদিসহ স্বপ্নের ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগিদের মাঝে ঘরের চাবি হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়। ধামইরহাট-পত্নীতলা আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. শহীদুজ্জামান সরকার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভূমিহীন পরিবারে চাবি হস্তান্তর করেন।
মাননীয় প্রধানমন্ত্রী বেলা ১১টায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ভূমিহীনদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করার পর পরই সংসদ সদস্য পত্নীতলা উপজেলার ১১৪টি পরিবারের মাঝে স্বপ্নের ঘরের চাবি হস্তান্তর করেন। এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা, নজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দিবর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার প্রমূখ। এ সময় বক্তারা বলেন, দেশে কেউ গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রীর এই অঙ্গীকার বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।