নাটোরের বড়াইগ্রামে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে মাথা গোঁজার ঠাঁই হিসাবে পাকা ঘর পেয়েছে ১৬০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। শনিবার জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আবদুল কুদ্দুস এমপি উপকারভোগীদের হাতে গৃহের চাবী ও জমির দলিল বুঝিয়ে দেন।
এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা ছিলেন স্থানীয় সরকার নাটোরের উপ-পরিচালক গোলাম রাব্বী পিএএ, উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল কুদ্দুস মিয়াজী, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, ইউপি চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন, আবদুস সালাম খান ও মমিন আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবীবা খাতুন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুর রাজ্জাক বক্তব্য রাখেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উপকার ভোগী পরিবারের কাছে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।
ইউএনও অফিস সূত্রে জানা যায়, সরকারের আশ্রয়ণ-২ প্রকল্পে ‘আবাসিক ভবন নির্মাণ’ খাতের আওতায় ১৬০টি পরিবারের জন্য পাকা গৃহ নির্মাণ করা হয়েছে। প্রতিটি গৃহ নির্মাণে এক লাখ ৭১ হাজার টাকা ব্যায় হয়েছে। ‘আশ্রয়ণ অধিকার, শেখ হাসিনার উপহার’ এই স্লোগানে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের জীবনমান সুন্দর করতে বিদ্যুৎ সংযোগ প্রদান, সুপেয় পানি ও স্যানিটেশনের ব্যবস্থাও করা হয়েছে। নবনির্মিত আধাপাকা প্রতিটি গৃহ একই ধরণের। যেখানে আছে দুটি শয়ন কক্ষ, একটি টয়লেট, রান্না ঘর, কমনস্পেস ও একটি বারান্দা। এসব গৃহ প্রত্যেক পরিবারের জন্য আলাদা করে নির্মাণ করা হয়েছে।