কোন দেশ খুজে পাওয়া যাবে না, যে দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য জমিসহ ঘর করে দিয়েছে রাষ্ট্র।শুধু ব্যতিক্রম বাংলাদেশ। সরকারের ভাল কাজের মধ্যে সবচেয়ে ভাল কাজ বলে আমি মনে করি। এই ভাল কাজে আমরা ছিলাম, আছি, থাকবো।
ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত সোনার বাংলা বিনির্মাণে মুজিব বর্ষে “বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে সারা দেশে ৮,৮৫,৬২২টি এবং দিনাজপুর জেলায় ১৩,০২১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা তৈরী করা হয়েছে। এরই প্রথম পর্যায়ে সারাদেশে ৬,৬১৮৯টি এবং দিনাজপুর জেলায় ৩,০২২টি পরিবারের জন্য একক গৃহনির্মাণ করা হয়েছে। যে সব স্থানে গুচ্ছ আকারে এইসব গৃহ নির্মিত হয়েছে, সেসব স্থানকে “জয় বাংলা ভিলেজ” নামকরন করা হয়েছে। প্রথম পর্যায়ে ২৩ জানুয়ারী প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরগুলো গৃহহীনদের মাঝে হস্তান্তর করবেন।
বৃহস্পতিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম।
মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আগামী শনিবার দিনাজপুর জেলায় ৩ হাজার ২২ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন জমিসহ পাকা বাড়ি। আনুষ্ঠানিক উদ্বোধনের পর এসব ঘরের জায়গার কবুলিয়ত, সনদ ও খারিজ তুলে দেয়া হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সরকারি খাস জমিতে এসব বাড়ি নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীনদের জন্য এসব বাড়ি নির্মাণ করে দিচ্ছে সরকার। দিনাজপুরে সাড়ে ৪ হাজারের বেশি গৃহহীন পরিবার পাচ্ছে সরকারি এসব বাড়ি।
ফাঁকা জায়গায় মনোরম পরিবেশে লাল টিনের ছাউনিতে ‘মাথা গোঁজার ঠাঁই’ হিসেবে পাঁকা বাড়ি পাচ্ছেন ভেবে উচ্ছ্বসিত এবং নতুন স্বপ্ন দেখছেন দিনাজপুর জেলার ৩০২২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে এক লাখ ৭৫ হাজার টাকা। এ টাকায় ২০ ফুট বাই ২২ফুট প্রস্থের আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত দুটি কক্ষ, একটি রান্না ঘর ও একটি টয়লেটসহ সামনে খোলা বারান্দা তৈরি করা হচ্ছে। বিদ্যুৎ, পানিরও ব্যবস্থা করা হচ্ছে।
প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মোঃ মাহফুজুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আসিফ মাহমুদসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু, সাধারন সম্পাদক গেলাম নবী দুলালসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।