যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বুধবার শপথ নেন ডেমোক্র্যাট দলের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তার সঙ্গে কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হওয়া পরমাণু সমঝোতা চুক্তিতে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। রুহানি বলেন, বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর ২০১৫ সালের পরমাণু সমঝোতা চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ফেরাবেন এবং ইরানের ওপর থেকে সবরকম নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন বলে আশা আমার। বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে এ কথা বলেন রুহানি। তিনি বলেন, যদি ওয়াশিংটন ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফিরে আসে তাহলে আমরা সম্পূর্ণভাবে চুক্তিকে সম্মান করবো। ট্রাম্প প্রশাসনের বিদায়ের মাধ্যমে ইরানের ওপর হতে একটি কালোযুগের অবসান হতে চলেছে। নতুন প্রেসিডেন্ট নিয়ে আমার আশা অনেক।