২০১১ সালের আদম শুমারী অনুযায়ী নওগাঁ জেলায় ১লাখ ১৬ হাজার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাস। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দের মতে নওগাঁয় প্রায় ১২টি ভিন্ন জাতিসত্তার আড়াই লক্ষাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাস। যারা প্রায় সকলেই ভূমিহীন ও কৃষি মজুর। নানা রকম সংকট মোকাবিলা করে চরম বঞ্চনা আর অবহেলা নিয়ে বাস করছে নওগাঁর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানুষরা। নিজ ভূমেই যেন তাঁরা পরবাসীর মতো জীবণ ধারণ করতে বাধ্য হচ্ছে। সরকারি সুযোগ-সুবিধা হতে বঞ্চিত হওয়ার পাশাপাশি সম্প্রদায়ের ভিতরেও তাঁরা নানা ধরণের হয়রানির শিকার হচ্ছে। এমনি একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পল্লী নওগাঁর সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নের জিনারপুর (ধানডোলা)।
সরেজমিনে মঙ্গলবার সকালে সাপাহার উপজেলা সদর হতে প্রায় ১৫ কিলোমিটার দুরে প্রত্যন্ত জিনারপুর (ধানডোলা) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পল্লীতে গিয়ে দেখা গেছে এখানকার মানুষরা এখনও কুপের পানির উপর নির্ভরশীল। গ্রামে বিদ্যুৎ থাকলেও নেই কোন আধুনিক সুযোগ-সুবিধা। পল্লীর ঠিক মাঝখানে একটি মাঝারি সাইজের পুকুর। এই পুকুরের চারপাশ ঘিরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের বাস। পল্লীতে প্রায় ৩০টি উরাও সম্প্রদায়ের মানুষ বাস করলেও অর্ধেক পরিবারই খাস জায়গায় বাস করছে। পল্লীর মাঝখানে অবস্থিত পুকুরটি খাস কিনা ব্যক্তি মালিকানাধীন তা নিয়ে যথেষ্ট শংসয় রয়েছে এখানকার মানুষের মনে। দূর গ্রামের এক ব্যক্তি পুকুরটি লীজ নিয়ে মাছ চাষ করছে। বর্ষা মৌসুমে পুকুরে পানি থাকলেও চৈত্র-বৈশাখ মাসে পুকুরটি শুকিয়ে যায়।
পল্লীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নারী বুধান এক্কা, শুকুরমনি তির্কী, অঞ্জলি লাকড়া, সনেকা তির্কীসহ আরো কয়েকজন জানান, পল্লীর মাঝে পুকুর থাকলেও গোসল করা আর ধোয়া-মোছা ছাড়া তারা পুকুর থেকে এক কলস পানিও তুলতে পারেন না। পল্লীতে পরিবার সংখ্যা বেড়ে গেলেও পানির অভাবে অনেকেই নতুন ঘর তুলতে পারছেন না। এলাকায় পানির লেয়ার অনেক নীচে হওয়ায় সাধারণ টিউবওয়েল বসে না। তাই লাখ টাকা খরচ করে টিউবওয়েল স্থাপনের সামর্থ্য তাদের নেই। এ কারণে তাঁরা এখনও কুপের পানিই পান করছেন। পানির অভাবে আবাদি জমিগুলো আম বাগানে রুপান্তরিত হওয়ায় তাঁরা দিন দিন কাজ হারিয়ে বেকার হয়ে পড়ছে। পুরুষরা দুরের গ্রামে কাজ করতে যেতে পারলেও তাঁরা ঘরে বেকার সময় পার করছে। এ কারণে গ্রামের মহাজনের নিকট হতে তাদের উচ্চ সুদে ঋণ নিয়ে জীবণ চালাতে হচ্ছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এই নারীরা আরো জানান, কোন মহাজনের নিকট ১হাজার টাকা ঋণ গ্রহণ করা হলে ৬মাস পর ১হাজার ৫শত টাকা ফেরত দিতে হয়। নির্ধারিত সময়ে ঋণের টাকা ফেরত দিতে না পারলে তা চক্রবৃদ্ধিহারে বাড়তে থাকে। অনেক সময় বাজার দামের চেয়ে অর্ধেক মজুরীতে কাজ করে মহাজনের সুদের টাকা উশুল করতে হয়।
আলাপচারিতায় ক্ষদ্র নৃ-গোষ্ঠীর নারীরা আরো জানান, তাঁরা বর্তমানে চরম অর্থ সংকটে দিন পার করছেন। বাধ্য হয়েই সন্তানদের স্বামীর সাথে কাজে পাঠিয়েছেন। ভোটের সময় ছাড়া চেয়ারম্যান ও মেম্বাররা তাদের খবর নেন না। সমাজে আর দশটা মানুষের মতো সুস্থভাবে বেঁচে থাকার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের নিকট আকুতি জানিয়েছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষরা।