করোনার কারণে এ বছরের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা স্থগিত করা হয়েছে। আগামী ১৭ মার্চ শুরু হওয়ার কথা থাকলে ও শুরু হচ্ছে না ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবার মেলা না হওয়ার সম্ভাবনাই বেশি।
ইপিবি মহাপরিচালক মাহবুবুর রহমান বুধবার সকালে বলেন, আগামী ১৭ মার্চ মেলা আয়োজনের প্রস্তাবনা ছিল ইপিবির। কিন্তু করোনা পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী সেই প্রস্তাবে সম্মতি দেননি।
উল্লেখ্য, ২৫ বছরে ধরে রাজধানীর আগারগাঁওয়ে অস্থায়ী জায়গায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছর জানুয়ারির ১ তারিখ প্রধানমন্ত্রী এ মেলা উদ্বোধন করেন। কিন্তু এবার করোনার কারণে সেটা পিছিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ১৭ মার্চকে কেন্দ্র করে পূর্বাচলে মেলার জন্য নির্ধারিত স্থান বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে স্থায়ী ছাদের নিচে মেলা আয়োজনের প্রস্তুতি চলছিল।
এবার আরও অনেক বড় পরিসরে মেলার পরিকল্পনা ও আয়োজন চলছিল। শেরেবাংলা নগরে গাড়ি পার্কিংসহ মেলা প্রাঙ্গণের আয়তন ছিল ৩২ একর। সর্বশেষ মেলায় স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা ছিল ৪৮৩টি।