রাজশাহী মহানগরীর সিটি বাইপাস রোডের প্রবেশদ্বার টমটম (ঘোড়া) চত্বরের চেকপোস্টে তল্লাসীকালে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট বিপুল ভট্টাচার্যকে হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে হামলা চালানোর অভিযোগ উঠেছে। তবে সে সময় অন্যান্য পুলিশ সদস্যসহ স্থানীয়রা সার্জেন্টকে উদ্ধারে এগিয়ে আসা মাত্রই হত্যা চেষ্টায় ব্যর্থ হয়ে সটকে পড়ে হামলাকারী। মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত সার্জেন্টকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় সার্জেন্ট বিপুল ভট্টাচার্যের বাম হাত ভেঙ্গে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ও জখম হয়েছে। আর ঘটনার পর হামলাকারী পরিচয় সনাক্ত শেষে তাকে গ্রেফতারের উদ্দেশ্যে অভিযানে নেমেছে পুলিশ। হামলাকারীর নাম বেলাল হোসেন। সে লক্ষীপুর ভাটাপাড়া এলাকার শামসুল হকের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে মঙ্গলবার সন্ধায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, চেকপোস্টে যানবাহনের কাগজ পরীক্ষা করার সময় মোটরসাইকেল আরোহী বেলাল হোসেন কাঠের চলা দিয়ে ওই সার্জেন্টকে হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে এলোপাতাড়ি হামলা চালায়। বর্তমানে আহত সার্জেন্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। হামলাকারীর মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে হামলাকারী বেলালকে গ্রেফতার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।