বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত রাজশাহী বিভাগ। ফসল উৎপাদনেও রয়েছে যথেষ্ঠ খ্যাতি। ধান,পাট, গম, টমেটোসহ নানান নিত্যনতুন ফসল উৎপাদন করে যথেষ্ঠ সুনাম কুড়াচ্ছে রাজশাহী অঞ্চল। চলতি মৌসুমে এই বরেন্দ্র অঞ্চলে উঠতে শুরু করেছে আগ্রিম আলু। আবহাওয়া অনুকূলে থাকায় আলুর গাছ ও ফলন ভালো হচ্ছে বলে কৃষকরা জানিয়েছেন। আর রাজশাহী কৃষি বিভাগ বলছে এই অঞ্চলের এবার আলু আবাদে যে লক্ষ মাত্রা ধরা হয়েছিলো তা ছাড়িয়ে গেছে। তবে আলুর ফলন ভালো হলেও সময় মত দাম ভালো পাবে কিনা তা নিয়ে শঙ্কিত রয়েছে কৃষক।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, চলতি মৌসুমে রাজশাহী জেলায় আলুর আবাদ লক্ষমাত্রা ধরা হয়েছিলো ৩৫ হাজার হেক্টর জমিতে। এটি ১ হাজার ৬২৯ হেক্টর জমি বেশী আবাদ হয়ে তা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৬২৯ হেক্টর।
রাজশাহী জেলার মধ্যে সবচেয়ে আলু আবাদ হয়েছে তানোর উপজেলায় ১২ হাজার ৮৫০ হেক্টর জমিতে। এছাড়াও গোদাগাড়ী উপজেলায় ১৮৫০ হেক্টর, পবায় ৪২৫০ হেক্টর, মোহনপুরে ৪৭০৫ হেক্টর, বাঘমারা ৯৪৮০ হেক্টর, দুর্গাপুরে ১৮৭০ হেক্টর, পুঠিয়ায় ১০৫০ হেক্টর, চারঘাটে ৮৫ হেক্টর, বাঘায় ৪১০ হেক্টর। এছাড়াও রাজশাহী মহানগরীর মতিহারে ২৯ হেক্টর, বোয়ালিয়ায় ৫০ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে বলে রাজশাহী কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানাগেছে।
গোদাগাড়ীর আলু চাষী মো: হিমেল জানায়, এবার ৭০ বিঘা জমিতে আবাদ করেছি। অন্যর জমি লীজ গ্রহণ করে সব খরচ মিলে আলু লাগাতে বিঘা প্রতি খরচ হয় ৩০-৩৫ হাজার টাকা। অগ্রীম আলু প্রতি বিঘায় ফলন হয় ৭০-৮০ মন। নতুন আলু কেজি প্রতি বিক্রি হয় পাইকারি সর্বোচ্চ ১৪ টাকা। এই হিসেবে বিঘা প্রতি লাভ হয় ১০ হাজার টাকার মতো। তবে আলু সংরক্ষনের জন্য কোল্ড স্টোরে রাখলে ৬০ কেজির বস্তা ভাড়া দিতে হয় ২৩৫ টাকা। এছাড়াও অনেক সময় আলুর দাম না থাকায় বড় ধরনের লোকসান গুণতে হয়ে চাষিদের।
তানোরের কৃষক মো: আলম জানান, পড়াশোনার পাশাপাশি প্রতিবছর আলু আবাদ করি। এবার দুই বিঘা নিজের জমিতে আলু আবাদ করেছি। এতে বিঘা প্রতি খরচ হয়েছে ১৫-১৮ হাজার টাকা। ডাইমন্ড ও কার্ডিনাল জাতের অগ্রীম আলু উঠতে শুরু করেছে। এই আলু নভেম্বরের মাঝামাঝিতে লাগালে ৬০ দিনের মধ্যে উঠতে শুরু করে। বর্তমানে এই আলু পাইকারি দাম সর্বোচ্চ ১৪ টাকা কেজি দরে বিক্রি করছি। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি। অগ্রীম জাতের এই আলু বিঘা প্রতি ফলন হয় ৬০ হতে ৭০ মন। সব খরচ বাদ দিয়ে মোটামুটি ১৫ হাজার টাকা লাভ হবে। তবে সংরক্ষনের অভাবে আলু একসময় কম দামে বিক্রি করতে বাধ্য হয়। দেশে পর্যাপ্ত আলুর আবাদ হয় তবে দাম বেড়ে যায় তখন আমাদের আলু থাকে না।
খোঁজ নিয়ে জানাগেছে, জমি হতে যখন আলু উঠে তখন এক শ্রেণীর ফড়িয়া দালাল ব্যবসায়ীরা কেজি প্রতি ৪-৫ টাকা কম দামে আলু কিনে কৃষকদের কাছ হতে। ওরা পাইকারি দরে পুনরায় বিক্রি করে অধিক মুনাফা লাভ করে। আর এসব কমদামে আলু কেনার জন্য একটি সিন্ডিকেট চক্র আছে তারাই মূলত এই বাজারটি নিয়ন্ত্রণ করে বলে জানাগেছে।
অপরদিকে আলু সংরক্ষণের জন্য কোল্ডস্টোরে রাখতে গেলে সেখানেও রয়েছে সিন্ডিকেট চক্র। বস্তাপিছু আলু রাখতে অনেক বেশী টাকা নেয় ফলে সব আলু কৃষক কোল্ডস্টোরে রাখতে পারে না। তাই একসময় সিন্ডিকেট চক্রের নিকট জিম্মি হয়ে আলু রাখতে হয়ে কোল্ডস্টোরে।
আলু চাষী হাসান জানান, আগ্রীম জাতের যে আলু ৬০ দিনে উঠানো হয় সেটিতে কিছুটা লাভবান হওয়া যায়। তবে এবার বীজসহ সবকিছুর দাম বেশী হওয়াতে আলুতে লোকসানের শঙ্কা আছে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: শামছুল হক জানায়, রাজশাহী জেলায় আলু আবাদে যে লক্ষমাত্রা ধরা হয়েছিলো তার ছাড়িয়ে গেছে। আবহাওয়া ও রোগ বালাই না থাকাই আলুর বাম্পার ফলন হবে বলে করি। বর্তমানে যে দাম আছে তা থাকলে আলু চাষিরা লাভবান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।