বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে গৃহ অন্তরীণ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, করোনা নিয়ন্ত্রণরে ব্যর্থ সরকার এখন ভ্যাকসিন নিয়ে দুর্নীতি করছে।
সরকার করোনা নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং ভ্যাকসিন নিয়ে তারা আবার লুটপাটে নিমগ্ন রয়েছে আর তারা দুর্নীতি করছে, এই দুর্নীতির কারণে তাদের ভ্যাকসিন প্রয়োগ করাটা টোটালি ম্যাস হয়ে গেছে। এটা তারা সহজে করতে পারবে না- সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।
এর আগে মির্জা ফখরুল বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ তিনি একজন ক্ষণজন্মা পুরুষ। বাংলাদেশের মানুষ যখন অপেক্ষা করছিলেন একজন নেতার, যে নেতা তাদেরক পথ দেখাবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে পথ তাদেরকে দেখিয়েছিলেন। ৭৫ সালে জাঁতি যখন তাকে দায়িত্ব দিয়েছিল তখন তিনি বিভক্ত জাতিকে একত্র করেছিলেন।
তিনি আরো বলেন, মাত্র সাড়ে তিন বছর সময়ের মধ্যে তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন তিনি।