সর্বত্র চর দখলের মতো ভোটকেন্দ্র দখল করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সোমবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করে রিজভী বলেন, বহু কেন্দ্রে ইভিএমে নৌকা ছাড়া কোনো প্রতীক রাখেনি। মানুষ ভোট দিতে গিয়ে দেখে যে, শুধু নৌকায় ভোট পড়ছে। প্রশাসনের সহযোগিতায় সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করা, কৃত্রিম লাইন তৈরি করে ভোটাদেরকে ভোট কেন্দ্রে যেতে না দেয়া, নৌকা ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেয়া, কেন্দ্র থেকে এজেন্ট ও প্রার্থীদের গলা ধাক্কা দিয়ে বের করে দেয়া, ভোটের ফলাফল সরকারদলীয় প্রার্থীদের পক্ষে ঘোষণা করা।
তিনি বলেন, শনিবার দ্বিতীয় ধাপের ৬০টি পৌরসভায় আগের মতোই ব্যাপক সহিংসতা, রক্তপাত ও ভোট ডাকাতির নির্বাচন করেছে ক্ষমতাসীনরা। সিরাজগঞ্জের শহীদগঞ্জে জনগণের ভোটে বিজয়ী আমাদের কাউন্সিলর প্রার্থী তরিকুল ইসলাম খানকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। তরিকুলের হত্যাকারী এখনো গ্রেপ্তার করা হয়নি।
বরাবরের মতোই শনিবারের পৌর নির্বাচনে কমিশনের ভূমিকা ছিলো অত্যন্ত নির্লজ্জ।’
‘শুধু অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য তারা কতটা নৃশংস হতে পারে এটা তার প্রমাণ। এদের মনে কোনো অনুশোচনা নেই। যতদিন আওয়ামী লীগ থাকবে ততদিন দেশের ফাঁড়া থাকবে না।’
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা শ্যামা ওবায়েদ, শিরিন সুলতানা, আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।