রাঙ্গামাটির বিলাইছড়িতে অস্ত্র ও গোলাবারুদসহ ৭জনকে আটক করেছে যৌথবাহিনী। রোববার (১৭ জানুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন বিলাইছড়ি থানা পুলিশ।
আটককৃতরা হলেন, বীর বাহাদুর ত্রিপুরা (২৬), চাইল¹ ত্রিপুরা (৬০), বলিরাম ত্রিপুরা (৪৮), বীর মণি ত্রিপুরা (৪৫), বিষ্ণুমণি ত্রিপুরা (৪৪), লক্ষণ ত্রিপুরা (৩০) ও জীবন ত্রিপুরা (২৬)।
বিলাইছড়ি থানার ওসি তদন্ত কর্মকর্তা মো: নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নতুন পাড়া থেকে যৌথবাহিনীর অভিযানে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা পাহাড়ী আঞ্চলিক দলের সশস্ত্র সংগঠনের সক্রিয় সদস্য বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বলেও জানান তিনি।
আটককৃতদের কাছ থেকে ছয়টি দেশেীয় এক নলা বন্দুক, ২টি ছুড়ি ও বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করা হয়।
বিলাইছড়িতে আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য রাখার অভিযোগে মামলা দায়ের করেছে এবং আটককৃতদের সোমবার রাঙ্গামাটি আদালতে প্রেরণ করা হবে বলে জানান বিলাইছড়ি থানা পুলিশ।