ইসলামি আন্দোলন বাংলাদেশ চরমোনাইর পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম প্রধান অতিথির বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার, বাক-স্বাধীনতা কেড়ে নিয়ে দেশে একনায়কতন্ত্র শাসন প্রতিষ্ঠা করেছে। এ সরকার বিরোধী দলকে দমনের জন্য অত্যাচার, নির্যাতন অব্যাহত ও গণমাধ্যমের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে। গতকাল রোববার সকালে সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় মোতালেব মার্কেটে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার “জেলা সম্মেলন ২০২১” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শিব্বির আহমাদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম। বিশেষ অতিথি ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমদ। বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা আনোয়ার হোসেন জিহাদী ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ সারোয়ার। এ সময় সম্মেলনে ইসলামি আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারী মাওলানা শাহ আলম কাঁচপুরী, দ্বীনী সংগঠন নারায়ণগঞ্জ জেলার ছদর মুফতী মাসুম বিল্লাহ, ইসলামি আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা জাহাঙ্গীর কবীর, ইসলামি যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলনা শফিকুল ইসলাম, ইসলামি শাসনতন্ত্র ছাত্র নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি আব্দুল্লাহ মুহাম্মদ হাসান, সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আনোয়ার হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, গণতন্ত্রের প্রাথমিক শর্ত হচ্ছে ভোটাধীকার। কিন্তু এই সরকার মানুষের সেই অধীকার কেড়ে নিয়েছে। এখন নির্বাচনের নামে প্রহসন চলছে। স্থানীয় সরকার নির্বাচন আর সিলেকশনের মধ্যে কোনও পার্থক্য নেই। এটা করার একমাত্র লক্ষ্য হচ্ছে উন্নয়নের নামে লুটপাট ক্ষমতার তলা পর্যন্ত বিস্তৃত করা। এই সরকার সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে। দেশে এখন ভোটাধিকার, বাক-স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা নেই। নেই আইনের শাসন। দেশে আছে শুধু স্বৈরাচারী শাসনব্যবস্থা, হত্যা ও নির্যাতন। আওযামীলীগ জনগণের অধিকার ও কষ্টার্জিত গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে এই অপশাসনের বিরুদ্ধে লড়াই করার।
পরে সম্মেলন শেষে ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার ২০২১ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে আব্দুল্লাহ মুহাম্মাদ হাসানকে সভাপতি, আবদুল হান্নানকে সহ-সভাপতি ও মুহাম্মাদ আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়।