২য় ধাপে পৌরসভার নির্বাচনের তফসিল অনুযায়ী শনিবার বীরগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই প্রথমবারের মতো পৌর নির্বাচনের ইভিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে পুরো পৌরসভা পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে। পাশাপাশি ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
এবার বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনিত উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম নুর নৌকা প্রতিক এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক পৌর আওয়ামীলীগের সভাপতি বর্তমান মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল মোবাইল ফোন প্রতিক, বিএনপি মনোনিত পৌর যুবদলের সদস্য সচিব আলহাজ্ব মোকারম হোসেন পলাশ ধানের শীষ প্রতিক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াত নেতা সাবেক মেয়র মাওলানা মোহাম্মদ হানিফ জগ প্রতিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত ইসলামী আন্দোলন বাংলাদেশ বীরগঞ্জ পৌর কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম হাতপাখা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া সাধারন আসনের ৯টি ওয়ার্ডে ৪১জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ৯টি কেন্দ্রের ৪৯টি কক্ষে ভোট অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসারসহ মোট ১৫৬জন অফিসার নিয়োগ করা হয়েছে। নির্বাচনকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে ৯জন ম্যাজিষ্ট্রেটসহ র্যাব বিজিবি ও পুলিশ এবং আনসার বাহিনী নিয়োজিত রয়েছে বলে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ নূর-ই-আলম নিশ্চিত করেছেন।
বীরগঞ্জ পৌর সভায় পুরুষ ৭হাজার ৫শত ১৩জন এবং মহিলা ৮হাজার ৩২জন মোট ভোটার রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
জানা গেছে, বীরগঞ্জ পৌরসভা উপজেলা শহরের ৫নং সুজালপুর ইউনিয়নের ৪টি মৌজার আংশিক এলাকা ৬.৩০বর্গ কিলোমিটার আয়তন নিয়ে গত ২০০২ সালে ১৫ জুন স্থাপিত হয়ে কার্য্যক্রম শুরু হয়। সুজালপুর ইউনিয়ন পরিষদের একটি কক্ষে পৌরসভার কার্যক্রম শুরু হয়। সে সময় বীরগঞ্জ উপজেলার তৎকালীন নির্বাহী অফিসার এস.এম আশরাফুজ্জামান প্রথম পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে উপজেলা জামায়েতর আমীর মাওলানা মোঃ হানিফ প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালের ১১ সেপ্টেম্বর সরকার পৌরসভাটিকে ’গ’শ্রেণী হতে খ’শ্রেণীতে উন্নীত করা হয়।
গত ২০১১ সালে আনুষ্ঠানিক ভাবে প্রথম ও ২০১৫ সালে ২য় পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। পরপর ২ বারেই জামায়াতের প্রার্থী মাওলানা মোহাম্মদ হানিফ বিজয়ী হয়। পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচনে অংশগহণ করলে পদ শুন্য হলে ১৫এপ্রিল/২০১৯সালে অনুষ্ঠিত পৌরসভার উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোবাইল ফোন প্রতীক নিয়ে মোশারফ হোসেন বাবুল বিপুল ভোটের ব্যবধানে পৌর মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।