যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য আলাদা কামরা বরাদ্দ রাখতে নির্দেশনা চেয়ে একটি রিট হয়েছে। জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজমল হোসেন খোকন। আগামী সপ্তাহে হাইকোর্টে শুনানির জন্য রিটটি উপস্থাপন করা হবে।
রিটে রেলপথ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট চারজনকে বিবাদী করা হয়েছে বলে জানান আইনজীবী আজমল হোসেন। একইসঙ্গে নারীরা যাতে নিরাপদে ভ্রমণ করতে পারেন, সেজন্য ট্রেনে তাদের জন্য আলাদা কামরা বরাদ্দ রাখতে রেলপথ মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
আবেদনকারীর আইনজীবী বৃহস্পতিবার বলেন, রেলওয়ে আইনের ৬৪ ধারা অনুসারে প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা থাকার কথা। এমনকি ৫০ মাইলের বেশি ভ্রমণকারী ট্রেনের ক্ষেত্রে ওই কামরার সঙ্গে একটি শৌচাগার সংযুক্ত থাকার কথা বলা আছে আইনে। আর ওই কামরায় বিনা অনুমতিতে প্রবেশ করলে জরিমানার কথা বলা আছে ১১৯ ধারায়।