সুজানগরের ভায়না আশ্রয়ণ প্রকল্পের কমিউনিটি সেন্টার গোয়াল ঘরে পরিণত হয়েছে। সেইসঙ্গে দেখার অভাবে কমিউনিটি সেন্টারটি ভেঙ্গে নষ্ট হয়ে যেতে বসেছে।
জানা যায়, ওই আশ্রয়ণবাসীর সভা-সমাবেশ করার সুবিধার্থে ১৯৯৯সালে সরকারের আশ্রয়ণ প্রকল্পের অর্থায়নে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে ওই কমিউনিটি সেন্টার নির্মাণ করা হয়। স্থানীয় বাসিন্দা ইউনুছ আলী জানান, ঐ সেন্টার নির্মাণের প্রথম দিকে আশ্রয়ণবাসী মাঝে মধ্যে সেখানে মিলিত হয়ে সভা-সমাবেশ করতেন। অবশ্য সে সময় আশ্রয়ণবাসীকে পরিচালনার জন্য একটি নিয়মিত কমিটি ছিল। ওই কমিটির নেতৃত্বে আশ্রয়ণবাসী সুশৃঙ্খল জীবনযাপন করার পাশাপাশি মাঝে-মধ্যে কমিউনিটি সেন্টারে বসে তাদের ভাগ্য উন্নয়নে বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহণ করতেন। কিন্তু এর ৫/৬বছর পর অজ্ঞাত কারণে ঐ কমিটির কার্যক্রম স্থবির হয়ে পড়ে। একই সঙ্গে বন্ধ হয়ে যায় ঐ কমিউনিটি সেন্টারে সভা-সমাবেশ। স্থানীয় ইউপি সদস্য শাহজাহান আলী বলেন বর্তমানে ওই কমিউনিটি সেন্টার গোয়াল ঘরে পরিণত হয়েছে। আশ্রয়ণবাসী তাদের গরু-ছাগল ওই সেন্টারে রেখে লালন-পালন করছেন। এতে গরু-ছাগলের মল-মূত্রে কমিউনিটি সেন্টারটি নষ্ট হয়ে যেতে বসেছে। এ ব্যাপারে ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন বলেন কমিউনিটি সেন্টার সরকারি অর্থায়নে নির্মিত হলেও দেখভাল করার দায়িত্ব আশ্রয়ণবাসীর। কিন্তু তাদের উদাসীনতা এবং কর্তব্য অবহেলার কারণে ওই সেন্টারসহ আশ্রয়ণ প্রকল্পের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।