নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাক ও বাসের ত্রি-মুখী সংঘর্ষে পুলিশ সদস্যসহ কমপক্ষে আটজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার কারবালা এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাতটার দিকে কারবালা এলাকায় হয়বতপুর থেকে শরীয়তপুরগামী আলু বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট ২০-৯২৯২) সঙ্গে খুলনা থেকে নাটোরগামী সার বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট ২৮-৭৯৮৭) মুখোমুখি সংঘর্ষ ঘটে। একই সময় খাগড়াছড়ি থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বাস শান্তি পরিবহণ (ঢাকা মেট্রো ব ১৪-১১৮৭) দুর্ঘটনা কবলিত ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাস-ট্রাকের চালক হেলপার ও একজন পুলিশ সদস্যসহ কমপক্ষে আটজন আহত হয়েছেন। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও বনপাড়া ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরামুল হাসান জানান, আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।